ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ: বগুড়া ৬ ও শেরপুর ৩ নির্বাচন বাতিলের দাবি

নিজস্ব প্রতিনিধি | Bnc News 

ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী। শেরপুর-৩ আসনের স্থগিত হওয়া নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অনিয়ম, ভোট ডাকাতি, কেন্দ্র দখল ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, বগুড়া ও শেরপুরের নির্বাচন প্রমাণ করেছে যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক নির্বাচন অতীতের বিতর্কিত নির্বাচনগুলোকেও ছাড়িয়ে গেছে।

তিনি দুই আসনের নির্বাচন বাতিল করে নতুন তফসিল ঘোষণার দাবি জানান। পাশাপাশি জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বর্তমান সংসদে শপথ গ্রহণ করে সংকট নিরসনে ভূমিকা রাখতে হবে। তিনি প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের আহ্বান জানান এবং গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদের সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দাবি করেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক সংকট রাজপথে নয়, সংসদের ভেতরে আলোচনা করে সমাধান হওয়া উচিত। তবে সরকার গণভোট বাতিল ও মানবাধিকার সংশ্লিষ্ট আইন বাতিল করায় জনগণের কাছে যাওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. রেজাউল করিমের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নানসহ অন্যান্য নেতারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

Post a Comment

Previous Post Next Post
×